বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি অ্যাওয়ার্ডস’-এর ২০২৬ আসরের মনোনয়ন তালিকা প্রকাশের পর বিনোদন দুনিয়ায় বইছে আলোচনার ঝড়। প্রতিবারের মতো এবারও যেমন অনেক নতুন চমক এসেছে, ঠিক তেমনি তালিকায় জায়গা না পেয়ে দর্শক ও সমালোচকদের চমকে দিয়েছে বেশ কিছু বড় বড় নাম।
বুধবার (৮ জুলাই )সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত মনোনয়ন তালিকা। আর তাতেই দেখা গেছে, ‘স্ট্রেঞ্জার থিংস’ ও ‘ইউফোরিয়া’র মতো মেগা হিট সিরিজ এবং জেরেমি অ্যালেন হোয়াইটের মতো গতবারের বিজয়ীরা এবার মূল ক্যাটাগরি থেকেই ছিটকে গেছেন!
এবারের বিশ্বমঞ্চে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে নেটফ্লিক্সের ‘স্ট্রেঞ্জার থিংস’ এবং এইচবিওর ‘ইউফোরিয়া’। বিশ্ব জুড়ে কোটি কোটি ভক্ত থাকা সত্ত্বেও এই দুটি সিরিজ ‘সেরা ড্রামা সিরিজ’ ক্যাটাগরিতে মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছে। তবে কারিগরি ও অন্যান্য দিক মিলিয়ে দুটি সিরিজই সাতটি করে সান্ত্বনামূলক মনোনয়ন পেয়েছে। স্বস্তির খবর এই যে, ‘ইউফোরিয়া’র জন্য সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে ঠিকই নিজের জায়গা ধরে রেখেছেন অভিনেত্রী জেনডায়া।
কমেডি ক্যাটাগরিতে সবচেয়ে বড় অঘটনটি ঘটেছে ‘দ্য বেয়ার’ সিরিজের অভিনেতা জেরেমি অ্যালেন হোয়াইটের ক্ষেত্রে। বিগত বছরগুলোতে টানা এমি ট্রফি ঘরে তোলা এই অভিনেতা এবার সেরা কমেডি অভিনেতার তালিকাতেই জায়গা পাননি! তবে তার সিরিজ ‘দ্য বেয়ার’ এবং সহ-অভিনেত্রী আয়ো এদেবিরি বরাবরের মতোই শক্ত অবস্থানে আছেন।
হতাশ হতে হয়েছে পপ তারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজকেও। তাদের জনপ্রিয় কমেডি থ্রিলার সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর জন্য মার্টিন শর্ট সেরা অভিনেতার মনোনয়ন পেলেও কপাল পুড়েছে সেলেনা গোমেজ এবং আরেক প্রধান তারকা স্টিভ মার্টিনের। তারা দুজনেই এবার এমি ভোটারদের মন জয় করতে পারেননি।
সব ট্র্যাজেডির মাঝে এবারের এমির সবচেয়ে বড় চমক ‘উইডোস বে’। গত এপ্রিলের শেষে একদম শেষ মুহূর্তে মুক্তি পাওয়ায় এবং সাধারণত হরর ঘরানার সিরিজকে এমি অ্যাওয়ার্ডসে কম পাত্তা দেওয়া হয় বলে এটিকে নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না। কিন্তু সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে অ্যাপল টিভির এই হরর সিরিজটি একাই ১৯টি ক্যাটাগরিতে মনোনয়ন ছিনিয়ে নিয়েছে!
এবার ২৫টি মনোনয়ন নিয়ে সবার শীর্ষে আছে মেডিকেল ড্রামা ‘দ্য পিট’ এবং ২৪টি মনোনয়ন নিয়ে ঠিক পেছনেই আছে কমেডি সিরিজ ‘হ্যাকস’। আগামী ১৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ঐতিহ্যবাহী পিকক থিয়েটারে বসবে এবারের চাঁদের হাট।