গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৯

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

বুধবার (৮ জুলাই) গাজা সিটির একটি স্কুলসংলগ্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হন বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।

এদিকে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত একটি তাঁবুতে চালানো আরেকটি বিমান হামলায় অন্তত চারজন নিহত হন। নিহতদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশুও রয়েছে।

পরে বুধবার গাজার জেইতুন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এ ছাড়া গাজা সিটির পৃথক দুটি এলাকায় ইসরায়েলি বাহিনীর আরও দুটি হামলায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।

যদিও গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও সেখানে ইসরায়েলি সামরিক অভিযান পুরোপুরি বন্ধ হয়নি। যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে চূড়ান্ত সমঝোতার অগ্রগতিও বর্তমানে স্থবির হয়ে আছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এ পর্যন্ত গাজায় অন্তত ১ হাজার ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।