উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি পরীক্ষা স্থগিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আগামী ১০ ও ১১ জুলাই (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিতব্য ৫টি প্রোগ্রামের সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২-এর দ্বিতীয় সেমিস্টার, বিএজিএড প্রোগ্রামের ২৫২ টার্মের (জুলাই-ডিসেম্বর ২০২৫) দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার, এমপিএইচ প্রোগ্রামের ২৫২ টার্মের প্রথম ও তৃতীয় সেমিস্টার, মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫ (২৫২ টার্ম)-এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং বিবিএ ২৪১ টার্মের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম লেভেলের পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরে ঘোষণা করা হবে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানতে শিক্ষার্থীদের বাউবির অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে।