আইসিএমএবি প্রতিনিধিদলের বাণিজ্য সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

দ্য ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর একটি প্রতিনিধিদল, প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মো. কাউসার আলম এফসিএমএ - এর নেতৃত্বে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি-এর সঙ্গে বৃহস্পতিবার (৯ জুলাই) তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন আইসিএমএবি-এর ভাইস প্রেসিডেন্ট আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ, ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ, সেক্রেটারি মনজুর মো. সাইফুল আজম এফসিএমএ, ট্রেজারার অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান এফসিএমএ এবং নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম এফসিএমএ ।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল আইসিএমএবি-এর চলমান কার্যক্রম, কৌশলগত অগ্রাধিকার এবং দেশে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশার উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মাননীয় সচিবকে অবহিত করেন। এ সময় পেশাগত উৎকর্ষ সাধন, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দেশের টেকসই অর্থনৈতিক ও শিল্পোন্নয়নে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়।

মাননীয় সচিব দেশের আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়নে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি দক্ষ পেশাজীবী গড়ে তুলতে আইসিএমএবি-এর ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারি ও বেসরকারি—উভয় খাতের সক্ষমতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেন। পাশাপাশি, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়ক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।