ইরানের উত্তর-পূর্বাঞ্চলের খোরাসান রাজাভি প্রদেশের পবিত্র শহর মাশহাদে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং তাঁর পরিবারের সদস্যদের শেষযাত্রা শুরু হয়েছে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শহরটিতে লাখো মানুষের সমাগম হয়েছে।
গত ৩ জুলাই থেকে আয়াতুল্লাহ খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের বিদায় ও জানাজার বিশেষ আনুষ্ঠানিকতা শুরু হয়। আয়োজকদের দাবি, এতে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের রাজনৈতিক প্রতিনিধি এবং ৯০টিরও বেশি দেশের আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিশিষ্টজন অংশ নিয়ে শ্রদ্ধা জানান।
৪ ও ৫ জুলাই তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ৬ জুলাই রাজধানী তেহরানে লাখো মানুষের উপস্থিতিতে তাঁর জানাজার আয়োজন করা হয়।
এরপর ৭ জুলাই পবিত্র শহর কোমের জামকারান মসজিদে বিদায় ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৮ জুলাই ইরাকের নাজাফ ও কারবালায়ও আয়াতুল্লাহ খামেনির স্মরণে শেষ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালিত হয়। ইরাকি কর্মকর্তাদের দাবি, ওই অনুষ্ঠানে প্রায় ৪০ লাখ মানুষ অংশ নেন। এতে দেশটির ধর্মীয় ও রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।
সব আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার (৯ জুলাই) ইমাম সাজ্জাদ (আ.)-এর শাহাদাতবার্ষিকীর দিন মাশহাদের ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের দাফন করা হবে।