মেহেরপুরে শাশুড়িকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন

মেহেরপুরে শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার দায়ে হাউস আলী নামে এক ব্যক্তিকে আমৃত্যু পর্যন্ত সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলি মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাউস আলী মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের আহমদ আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, নিহত ফুলসুরাতন (৭০)-এর মেয়ে আম্বিয়া খাতুন একজন আনসার সদস্য। হাউস আলী ছিলেন তার স্বামী। দীর্ঘদিন ধরে নির্যাতনের কারণে আম্বিয়া তাকে তালাক দেন।

২০১৬ সালের ৮ মে রাতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের দায়িত্বে থাকায় আম্বিয়া বাড়িতে ছিলেন না। ওই রাতে হাউস আলী তাকে খুঁজতে শ্বশুরবাড়িতে যান। এ সময় ফুলসুরাতন জানান, তার মেয়ে ভোটের ডিউটিতে বাইরে রয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে হাউস আলী নিজের সঙ্গে থাকা বোতল থেকে ফুলসুরাতনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুনে দগ্ধ হয়ে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে হাউস আলী পালিয়ে যান। তবে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রতিবেশী তাকে চিনতে পারেন।

গুরুতর দগ্ধ অবস্থায় ফুলসুরাতনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে আম্বিয়া খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৪(১) ধারায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১৩ আগস্ট তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বিচারকালে আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, জেরা ও আলামত পর্যালোচনা করেন। বিচার শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে আমৃত্যু পর্যন্ত সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আদালতের পাবলিক প্রসিকিউটর মুস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট শহিদুল ইসলাম কৌশলী ছিলেন।

রায়ে আদালত আরও নির্দেশ দেন, সাজাপ্রাপ্ত হাউস আলীর সম্পদ বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদালতে জমা দিতে জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আদালতে অর্থ জমা হওয়ার পর তা নিহত ফুলসুরাতনের বৈধ উত্তরাধিকারীদের ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে।