ধর্ষণচেষ্টাকালে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চার বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. দ্বীন ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা করেছেন।

গ্রেপ্তার দ্বীন ইসলাম উপজেলার কোরবানপুর ইউনিয়নের খোশঘর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে মাধবপুর ইউনিয়নের ষাইটশালা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে অভিযুক্ত দ্বীন ইসলাম ওই শিশুকে ফুসলিয়ে বাড়ির পাশে জঙ্গলে অবস্থিত একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে দ্বীন ইসলামকে হাতেনাতে আটক করেন। পরে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতাল থেকে অভিযুক্ত যুবককে নিজেদের হেফাজতে নেয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, অভিযুক্ত যুবককে হাসপাতাল থেকে হেফাজতে নেওয়ার পর ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।