গজারিয়ায় নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলানো কাজের উদ্ধোধন 

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের ইসমানিরচর এলাকায় নদী ভাঙ্গন রোধে তীর সংরক্ষণে চলমান জিও ব্যাগ ফেলানো কাজের উদ্ধোধন ও জেলেদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে শুকনো খাবার, নগদ অর্থ বিতরণ করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টায় তিনি নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তহবিল থেকে জেলেপাড়ার ৫০ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম,গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাব্বির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সাবেক সা: সম্পাদক আসলামুজোহা চৌধুরী তপন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান প্রমুখ।

সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন সাংবাদিকদের বলেন, গজারিয়ার নদীভাঙন প্রবণ এলাকায় পর্যায়ক্রমে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।