জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা আমাদের গণঅভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন। আপনারাও নিপীড়িত-নির্যাতিত ছিলেন।
এই বাংলাদেশের তরুণ প্রজন্মের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের জন্য আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারেন, যেদিন এই তরুণ প্রজন্ম চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, সেদিন এই বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা আরেকটি অভ্যুত্থান হবে।’
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া বাজারের পৌর মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বিকেলের দিকে অসংখ্য মানুষ অঝোরে কান্না করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। আরও অসংখ্য মানুষ আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখেছিল, অন্তত এই বাংলাদেশে এত দিনের জুলুমের একটি পরিবর্তন হবে। প্রত্যেকটি ঘুণে ধরা সিস্টেম, ৫৩ বছরের জঞ্জাল শেষ হয়ে আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে পারব।’
তিনি বলেন, ‘বিগত দুই বছরে আমাদের যতটুকু প্রত্যাশা ছিল, আমরা ততটুকু না পাওয়ার কারণে এনসিপি মনে করেছে, এখন আর ঢাকা শহরে বসে রাজনীতি করার সময় নেই। বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তন আনতে হবে। আমাদের প্রত্যেকটি উপজেলা ও ইউনিয়নে যেতে হবে। মানুষের সঙ্গে মিশতে হবে। আমাদের জুলাই যোদ্ধারা, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের কথা শুনতে হবে। সেই কথাগুলোকে আগামীর বাংলাদেশের আকাঙ্ক্ষা হিসেবে ধারণ করে বাস্তবায়ন করতে হবে।’
বিদ্যুৎমন্ত্রীকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, ‘বাকি ৬৩ জেলার কথা বাদ দিলাম। আপনার এই জন্মভূমির জেলার মানুষও সাক্ষ্য দেবে, আপনার উল্লাপাড়া, সিরাজগঞ্জেও লোডশেডিং হয়। তাই আমরা শুধু কথার ফুলঝুরি দেখতে চাই না; আমরা কথার সঙ্গে কাজের মিল দেখতে চাই। আমরা বাস্তবায়ন দেখতে চাই।’
তিনি বলেন, ‘বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল, তারা দেড় বছরের মধ্যে ১ কোটি কর্মসংস্থান করবে। চার থেকে সাড়ে চার মাস হয়েছে। আপনারা বলেন, এই উল্লাপাড়ায় নতুন করে ১ হাজার কর্মসংস্থান হয়েছে কি? হয়নি। যে মানুষগুলোর অভাব ছিল, সেই মানুষগুলোর অভাব আরও বেড়েছে। আমাদের তরুণ প্রজন্মের মুখে নতুন কথা এসেছে— অনেক তো কার্ড দিলেন, এবার তরুণ প্রজন্মকে একটি বেকার কার্ড দেওয়া শুরু করুন।’
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এমপি, যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, এনসিপি নেতা সাইফ মুস্তাফিজসহ অন্যরা উপস্থিত ছিলেন।