টাঙ্গাইলের নাগরপুরে সাপের কামড়ে শাকিল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকালে উপজেলার মামুদনগর ইউনিয়নের জয়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে। শাকিল ওই এলাকার সালাম মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে শাকিল নিজ বাড়ির শৌচাগারে যান। সেখান থেকে বের হওয়ার সময় একটি সাপ তাকে ছোবল দেয়। পরে চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদীর জানান, রোগীর অবস্থা আশঙ্কাজাক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরে জানতে পারি চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।