রাজনগরে বন্যায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের রাজনগরে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বাঁধ ভাঙা পানিতে তলিয়ে গেছে উপজেলার বিস্তীর্ণ এলাকা। বন্যার পানিতে ডুবে নিখোঁজ হওয়া আশরাফ আলী (আশই) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে বন্যার পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। নিহত আশরাফ আলী ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজনগরের আকুয়া এলাকায় মনু নদীর বাঁধের একটি বড় অংশ আকস্মিক ভেঙে যায়। তীব্র স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করায় মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় বেশ কয়েকটি গ্রাম। ওই সময় রাতে বন্যার পানিতে আটকা পড়ে নিখোঁজ হন বৃদ্ধ আশরাফ আলী। এরপর শুক্রবার সকালে আকুয়া গ্রামে তার মরদেহ ভেসে ওঠে।

রাজনগরের টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে বাঁধ ভেঙে পানি ঢোকায় কয়েকটি গ্রামের মানুষ আকুল পাথারে পড়েন। রাতেই বন্যার পানিতে তলিয়ে গিয়ে আশরাফ আলী মারা যান এবং সকালে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। আকস্মিক এই বন্যা ও বৃদ্ধের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।