গজারিয়ায় গাড়ির ধাক্কায় নারী শ্রমিক নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী শ্রমিক নিহত ও অপর এক নারী শ্রমিক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯:৩০ ঘটিকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দী ডাস বাংলা ফ্যাক্টরির বিপরীত পাশে ঢাকামুখী লেনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই এক নারী নিহত ও অপর এক নারী গুরুতর আহত হয়েছে।

নিহত ঐ নারীর নারীর নাম খালেদা বেগম (৩৬) তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সইলপুর গ্রামের মহাব্বত মিয়ার মেয়ে ও গুরুতর আহত পারুল (৪৫) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের আবুল হোসেন এর স্ত্রী ও স্থানীয় ডাস বাংলা ফ্যাক্টরির শ্রমিক।

প্রত্যক্ষদর্শী পাশ্ববর্তী চা দোকানদার স্বপন মিয়া জানান, সাড়ে নয়টার দিকে দুই নারী মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই খালেদার মৃত্যু হয়। গুরুতর আহত পারুল সড়কে পড়ে থাকেন।

স্থানীয় ডাস বাংলা ফ্যাক্টরির এজিএম মহিউদ্দিন আহমেদ বলেন, মেয়েটা অনেক ভালো ছিল, দীর্ঘ এক যুগেরও বেশি সময় আমাদের প্রতিষ্ঠানে কর্মরত ছিল।

খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত পারুলের দুই পা থেঁতলে যাওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আখন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় অজ্ঞাত গাড়ির নামে মামলা দায়ের হয়েছে,রাতেই নিহতের স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।