টানা ভারী বৃষ্টি ও পাহাড়ধসের কারণে রাঙামাটি জেলার বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ত্যাগ করেছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সাজেক সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েছিলেন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় সেনাবাহিনীর নিরাপত্তা এসকর্টে ১৫০ জন পর্যটককে নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হয়।
শুক্রবার সকালে বাকি পর্যটকদের মধ্যে ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সাজেক ছাড়েন।
সাজেক রিসোর্ট অ্যান্ড কটেজ মালিক সমিতির তথ্য অনুযায়ী, সড়ক থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর আটকে পড়া পর্যটকেরা পর্যায়ক্রমে সাজেক ত্যাগ করতে পেরেছেন।
পাহাড়ধসের ঝুঁকি এবং যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে গত ৭ জুলাই থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেকে পর্যটকদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।