পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘স্ট্যান্ডবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, স্ট্যান্ডবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে।

তিনি বলেন, বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের একটি অংশ হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সেই ইশতেহারের অংশ হিসেবে যখন বিএনপি সরকার কাজ শুরু করেছে, ঠিক তখন ক্রেডিট নেওয়ার জন্য জামায়াতসহ ১১ দল এ বিষয়ে আন্দোলনের কথা বলছেন। মূলত স্ট্যান্ডবাজি করতেই ১১ দল আন্দোলনের কথা বলছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টায় পঞ্চগড়-নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেইট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন কার্যক্রম শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি যখন তিস্তা নিয়ে কাজ শুরু করে তখন এসব দলের অস্তিত্ব ছিল না উল্লেখ করে প্রতিমন্ত্রী আজাদ বলেন, বিএনপি বিরোধী দলে থাকার সময় তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ ও নির্দেশনায়  ‘বাঁচাও বাহে তিস্তা বাঁচাই’এই স্লোগানকে ধারণ করে আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছিল।  তখন এই তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন ছিল না। এসব কিছু হচ্ছে রাজনৈতিক স্ট্যান্ডবাজি।  স্ট্যান্টবাজির রাজনীতি আর বাংলাদেশে চলবে না।

একই সঙ্গে অচিরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং তা বাস্তবায়ন হওয়ারও কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন,পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এবং আপামর জনসাধারণের দাবির প্রেক্ষিতে পঞ্চগড় গেট নির্মাণ করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।