ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদি। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড কখনোই ইতিহাসের স্মৃতি থেকে মুছে যাবে না।
সংবাদ সংস্থা সেপাহ প্রকাশিত এক বিবৃতিতে বাহিদি বলেন, ন্যায়বিচারের পূর্ণ বাস্তবায়ন এবং অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত জবাব নিশ্চিত করতে হবে, বিশেষ করে শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে।
তিনি আরও বলেন, আমেরিকার অপরাধী নেতারা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সব শত্রুকে জানতে হবে, এই নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকা মাটিতে নামিয়ে আনতে পারবে না।
বাহিদি বলেন, শহিদদের রক্তের প্রতিশোধ এবং এই হত্যাকাণ্ডের দায়ীদের শাস্তি নিশ্চিত করা একটি চূড়ান্ত, বৈধ এবং অবিস্মরণীয় দাবি হয়ে থাকবে।
খামেনির দাফনের পরপরই এই মন্তব্য করেন আইআরজিসি প্রধান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় খামেনি এবং তার পরিবারের চার সদস্য নিহত হওয়ার চার মাস পর বৃহস্পতিবার (৯ জুলাই) নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হয়।
সূত্র: আল জাজিরা