সৈকতে ভেসে এল মানুষের কঙ্কাল

কক্সবাজারের টেকনাফ উপজেলার সমুদ্রতীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ কাছে কচুবুনিয়া- কাটাবুনিয়া ঘাট এলাকা থেকে গলিত কঙ্কালটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, টেকনাফ বিজিবির আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সমুদ্রের তীরে কঙ্কালটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর পাঠালে শাহপরীরদ্বীপ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) সঞ্জীব ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে। পরবর্তীতে আইনি কার্যক্রম শুরু করেন।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কঙ্কালটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সব ধরনের আইনি ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে ফরেনসিক পরীক্ষাও করা হবে।

স্থানীয়দের ভাষ্য, মিয়ানমারের চলমান সংঘাত, সীমান্ত এলাকায় গোলাগুলি অথবা সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি কিংবা নিখোঁজ হওয়া কোনো জেলের মরদেহ হতে পারে। দীর্ঘদিন সমুদ্রে ভেসে থাকার কারণে মরদেহটি সম্পূর্ণ গলিত অবস্থায় কঙ্কালে পরিণত হয়েছে।

এদিকে, ৮ জুলাই সেন্টমার্টিন, শাহপরীরদ্বীপ ও সদর উপকূলীয় এলাকার বিভিন্ন স্থান থেকে তিন অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।