চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার মইজ্যারটেক মোড়ে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দম্পতি হলেন কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা রমজান আলী (৩৫) ও তার স্ত্রী দিলোয়ারা বেগম (২৩)।
পুলিশের দাবি, তাদের কাছ থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, রমজান আলী ও দিলোয়ারা বেগমের কাছ থেকে মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। কিন্তু জব্দ তালিকায় মাত্র ৫ হাজার ৮০০ পিস ইয়াবা দেখিয়ে মামলা রেকর্ড করা হয়।
অভিযোগ অনুযায়ী, অবশিষ্ট ৬ হাজার ২০০ পিস ইয়াবা আত্মসাৎ করা হয়েছে। এ অভিযোগকে কেন্দ্র করে কর্ণফুলী থানা পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে জব্দ তালিকা, আলামত সংরক্ষণ এবং অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে এসআই ইমরান ফয়সাল ইয়াবা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা যা পেয়েছি, তা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করে সেই অনুযায়ী মামলা করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
১২ হাজার পিস ইয়াবা উদ্ধারের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জব্দ করা ইয়াবা গণনা করে যত পাওয়া গেছে, তার ভিত্তিতেই মামলা করে আদালতে পাঠানো হয়েছে।