সিলেট জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ প্রত্যাহার

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে চোরাকারবারি ও অবৈধ পাথর উত্তোলনকারীদের সহযোগিতা, অবৈধ অর্থ লেনদেন এবং চাঁদাবাজির অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক স্বাক্ষরিত এক আদেশে ওসি শফিকুল ইসলাম খানকে কোম্পানীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসি শফিকুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ পাথর উত্তোলনকারী ও চোরাকারবারিদের সহযোগিতা করার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে তিনি অবৈধভাবে পাথর পরিবহনে সহায়তা করতেন। এছাড়া তার বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেন ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, শফিকুল ইসলাম খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ওসি শফিকুল ইসলাম খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো কল রিসিভ করেননি।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান সিলেট জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কয়েক মাসের ব্যবধানে অভিযোগের মুখে তার প্রত্যাহারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।