ইউসিটিসিতে “ফ্রেশারস মিট অ্যান্ড গ্রীট” অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)-এ অটাম ২০২৬ সেশনের নবাগত শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানাতে শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় বর্ণাঢ্য “ফ্রেশারস মিট অ্যান্ড গ্রীট” অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভাগীয় কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষিকা এবং প্রশাসনিক কর্মকর্তারা নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ইউসিটিসি পরিবারের নতুন সদস্য হিসেবে স্বাগত জানানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, আধুনিক শিক্ষা ব্যবস্থা, গবেষণার সুযোগ, দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব, শিক্ষক-শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় এবং অনুপ্রেরণামূলক আলোচনা। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীরা তাদের সহপাঠী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। একই সঙ্গে তারা ইউসিটিসির শিক্ষা-সংস্কৃতি, ক্যাম্পাস জীবন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করে।

অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর এবং প্রশাসনিক কর্মকর্তারা নবাগত শিক্ষার্থীদের সফল শিক্ষাজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পুরো আয়োজনটি ছিল আনন্দ, আন্তরিকতা এবং পারস্পরিক সৌহার্দ্যে ভরপুর, যা নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনকে স্মরণীয় করে তোলে।