ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, মোবাইল ডিসপ্লে, সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার টাকা। শুক্রবার (১০ জুলাই) বিকেলে ফেনীর পরশুরাম উপজেলার সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার পরশুরামের সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে অবৈধভাবে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তী আইনি কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন বন্ধের পাশাপাশি সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। অপরাধ দমনে বিজিবির এই ধরনের আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।