তথ্যবিবরণী  

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ, বিবৃতি বা সাক্ষাৎকার গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশের ক্ষেত্রে আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলার জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।

শুক্রবার (১০ জুলাই) প্রধান তথ্য কর্মকর্তার দপ্তর থেকে প্রকাশিত এক তথ্যবিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ২০২৪ সালের ৫ ডিসেম্বর শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, কোনো আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ব্যাপারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।

এমতাবস্থায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে (টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যম) প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

দেশের সকল গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে সরকার প্রত্যাশা করছে।