বিশ্বকাপের শেষ ১৬-এর ম্যাচে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে ব্রাজিলের আকস্মিক বিদায়ের পাঁচ দিন পর অবশেষে নীরবতা ভাঙলেন ভিনিসিয়ুস জুনিয়র। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সেলেসাওদের এই ফরোয়ার্ড তার গভীর কষ্টের কথা প্রকাশ করেছেন, ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন এবং ব্রাজিলকে আবারও বিশ্বের শীর্ষে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
চলতি বিশ্বকাপে ব্রাজিলের বিদায়টা হতাশার হলেও ব্যক্তিগতভাবে ভিনিসিয়ুস ছিলেন দলের সবচেয়ে উজ্জ্বল পারফর্মার। পুরো টুর্নামেন্টে তিনি ৪টি গোল এবং ১টি অ্যাসিস্ট করেছিলেন। কিন্তু তার এই দুর্দান্ত পারফরম্যান্সও ক্যানারিনহাদের (ব্রাজিল জাতীয় দল) সাম্প্রতিক ইতিহাসের অন্যতম হতাশাজনক বিশ্বকাপ অভিযান রুখতে পারেনি।
'প্রায় চার বছর পর, একটি বিশ্বকাপ হতাশার পর আমাকে আবারও ভাবা লাগছে যে আমি কী লিখব।
সব বয়সের এত মানুষকে আমি আমাকে সমর্থন দিতে এবং আমাদের স্বপ্ন বুকে চেপে রাখতে দেখেছি, তাই এখন চুপ করে থাকাটা অন্যায় হবে। কিন্তু নিজের মানসিকতা গুছিয়ে নিতে এবং চিন্তাভাবনা করার জন্য আমার কয়েকটা দিন প্রয়োজন ছিল।
জাতীয় দলের জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব, আর বিশ্বকাপের শেষ ১৬ থেকে ছিটকে যাওয়া এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা কঠিন।
আমি জানি আমি কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগ নিবদ্ধ করেছিলাম এবং আপনাদের ও আমার পরিবারের জন্য আমি এটা কতটা চেয়েছিলাম।"
দলের ব্যর্থতা নিয়ে কঠোর আত্মসমালোচনা করে ভিনিসিয়ুস আরও যোগ করেন:
"এখন যে হতাশা কাজ করছে তা বিশাল। আমাদের এমন একটি শক্তিশালী দল ছিল যা আরও অনেক দূর যাওয়ার যোগ্যতা রাখত, কিন্তু আমরা তা করতে পারিনি।
আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী এবং বিশ্বের শীর্ষে ফিরে আসার আমাদের স্বপ্নের জন্য আমি লড়াই চালিয়ে যাব।"
বিশ্বকাপের এই বড় ধাক্কার পর ভিনিসিয়ুস জুনিয়র এখন সংক্ষিপ্ত ছুটিতে যাচ্ছেন। ছুটি কাটিয়ে তিনি আবার রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এবং স্প্যানিশ ক্লাবটির হয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করবেন।