বিশ্বকাপে রেফারিং এবং ভিএআর নিয়ে চলমান সমস্ত বিতর্ককে স্রেফ মিডিয়ার তৈরি বলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। শেষ ১৬-এর ম্যাচে মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর ম্যাচ অফিসিয়ালদের প্রশংসায় ভাসিয়েছেন এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
আগামীকাল (রবিবার) কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ক্যানাসাস সিটিতে সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে নিজের স্পষ্ট অবস্থান জানান মার্তিনেজ।
রাউন্ড অব ১৬-এর ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ ১১ মিনিটে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের ৬২ মিনিটে মিশরের মোস্তফা জিকোর একটি গোল ভিএআর-এর মাধ্যমে বাতিল হওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কলিনা ইতিমধ্যেই রেফারিদের সিদ্ধান্তকে সঠিক বলে সমর্থন দিয়েছেন।
রেফারিং নিয়ে বিতর্ক প্রসঙ্গে মার্তিনেজকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন:
"না, এই টুর্নামেন্টের রেফারিং নিয়ে আমার একদমই কিছু বলার নেই। আমার মনে হয় তারা চমৎকার কাজ করছেন। এই বিতর্কগুলো মূলত আপনাদের (সংবাদমাধ্যম), আপনারাই মাঝে মাঝে বিতর্ক তৈরি করেন। আমাদের কাজ মাঠে নিজেদের সেরাটা দেওয়া এবং আমরা সেটাই করছি।"
কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ সুইজারল্যান্ড
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপের দল সুইজারল্যান্ড, যারা শেষ ১৬-এর ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। সুইজারল্যান্ডকে সমীহ করে মার্তিনেজ বলেন:
"এই দলের মূল পরিচয় হলো আমরা প্রতিপক্ষকে সম্মান করি। সুইজারল্যান্ড যদি এই পর্যায়ে এসে থাকে, তবে তারা নিজেদের যোগ্যতায় এসেছে।"
"আমরা কলম্বিয়ার বিপক্ষে ওদের ম্যাচটি দেখেছি। ওরা সবসময় ফুটবল খেলার চেষ্টা করে। শারীরিকভাবে ওরা অত্যন্ত শক্তিশালী এবং সেট-পিসেও দারুণ। আশা করি ম্যাচটি একটি চমৎকার প্রদর্শনী হবে।"
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোও মার্তিনেজের সুরেই কথা বলেছেন। প্রতিপক্ষ কে, তা নিয়ে না ভেবে নিজেদের দুর্বলতা কাটানোই আলবিসেলেস্তেদের মূল লক্ষ্য বলে জানান তিনি।
রোমেরো বলেন, "আমাদের সামনে কে খেলছে, প্রতিপক্ষের নাম কী বা তারা কোথা থেকে এসেছে—সেটা বড় বিষয় নয়। আমরা সবসময় নিজেদের খেলার ওপর মনোযোগ দিই এবং আমাদের যে ভুলগুলো রয়েছে তা সংশোধন করার চেষ্টা করি।"
চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে দুর্দান্ত খেললেও নকআউট পর্বের শেষ দুই ম্যাচে ৪টি গোল হজম করেছে লিওনেল স্কালোনির রক্ষণভাগ। তাই সেমিফাইনালের টিকিট কাটতে হলে ডিফেন্সের এই ফাটল দ্রুত মেরামত করতে হবে আর্জেন্টিনাকে।