আজ ঢাকা মেডিকেল কলেজে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটির ৮০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যাবেন তিনি। একইসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় দুটি ছাত্রী হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেলের সাবেক ছাত্রী ও প্রধানমন্ত্রীপত্নী জুবাইদা রহমানও এতে অংশ নেবেন। 

জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করেছে ঢাকা মেডিকেল কলেজ। এর মধ্যে প্রথম দিন বর্ণাঢ্য র‌্যালি, প্রাক্তণ শিক্ষার্থীদের স্মৃতিচারণ, প্রাক্তণ বনাম বর্তমান প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক, র‍্যাফেল ড্র এবং নগর বাউল জেমসের পরিবেশনায় কনসার্টের আয়োজন রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের দ্বিতীয় দিন সকালে দুই ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। পরে তারা শহীদ ডা. মিলন অডিটোরিয়ামের সম্মুখ সংলগ্ন লনে বৃক্ষরোপণও করবেন। কার্যক্রম উদ্বোধন শেষে সংবাদ ও মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যও রাখবেন তারা।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষে হাসপাতাল ও কলেজের আশপাশের ফুটপাত থেকে ভ্রাম্যমাণ হকার, অস্থায়ী খাবারের দোকান, স্টেশনারি ও অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আরও দেখা যায়, ঢাকা মেডিকেলের বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ট্রাফিক পুলিশ ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের তৎপরতায় যানবাহন চলাচলেও ছিল বেশ শৃঙ্খলা এবং কোথাও উল্লেখযোগ্য যানজট দেখা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রের তথ্য মতে, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রাক্তণ সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে যাত্রা শুরু করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রতিবছর দিবসটি ‘ডিএমসি ডে’ হিসেবে উদযাপিত হয়। এ বছর ৮০ বছর পূর্তি করে ৮১ বছরে পদার্পণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।