ঢাকার কেরানীগঞ্জ বরইতলা এলাকায় একটি বাসায় গ্যাসলাইনে কাজ করার সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা হলেন- রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)।
শনিবার (১১ জুলাই) ভোর পাঁচটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
চিকিৎসকরা জানান, তিনজনই বর্তমানে আশঙ্কামুক্ত।
দগ্ধদের সঙ্গে থাকা সহকর্মী সজীব জানান, শুক্রবার রাতে তারা তিনজন বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাসলাইনের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে পাইপলাইনে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে রাকিব, রাজন ও সুমন দগ্ধ হন। পরে অন্য সহকর্মীরা তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহত রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। অপর দুই শ্রমিক রাজন ও সুমনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তবে তাদের শরীরে ড্রেসিং চলমান থাকায় এ মুহূর্তে দগ্ধের সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তা সত্ত্বেও তিনজনের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে তিনি জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের কাছ থেকে জানা গেছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।