যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামে যৌতুকের টাকার দাবিতে মনিকা আক্তার (২৪) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী মো. ছোট্ট মিয়ার বিরুদ্ধে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওটি মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানার নজরে আসলে সাথে সাথেই তিনি পুলিশ পাঠিয়ে  ঘটনাস্থল থেকে ছোট্ট মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।

ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। এর আগে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে স্বামীকে দিলেও পরে আরও ২ লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এতে তার বাম পা ও ডান হাত ভেঙে যায় বলে অভিযোগ করেন তিনি।

মনিকা আক্তার আরও জানান, এর আগেও স্বামীর আগের স্ত্রীর ঘরের বড় মেয়ে মৌসুমীর হাতে তিনি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন।

মনিকা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই গ্রামের মৃত মফিজ মিয়ার মেয়ে। তার স্বামী ছোট্ট মিয়া মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে।পরে ভুক্তভোগীর মা থানায় মামলা করেছেন।