জন্মদিনে পূর্ণিমা

‘এমন সৌভাগ্য সবার হয় না’

আজ (১১ জুলাই) চিত্রনায়িকা দিলারা হানিফ রিতা ওরফে পূর্ণিমার জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের পাশাপাশি পরিবারের সদস্যদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। দিনটি পালন করছেন কিভাবে? পূর্ণিমার জবাব, ‘কাটছে ভালোই। কোনো রকম পরিকল্পনা না থাকলেও সবার ভালোবাসা আমাকে মুগ্ধ করছে। সত্যি কথা বলতে, ঘটা করে বড় আয়োজনে জন্মদিন উদযাপন করা হয় না আমার। বরাবরের মতো এবারও পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি কাটছে।’ 

পুণিমা বলেন, ‘সবার আগে পরিবারের পক্ষ থেকেই শুভেচ্ছা পাই। আমার মেয়েই প্রথম শুভেচ্ছা জানায়। এ ছাড়া আত্মীয়স্বজন, সকহর্মী, বন্ধুমহলসহ অসংখ্য মানুষ শুভেচ্ছা বার্তায় তাদের ভালোবাসা প্রকাশ করেন। ১১ জুলাই জন্মদিন হলেও শুভেচ্ছা পাচ্ছি দুদিন আগে থেকে। যেন দুদিন আগেই শুরু হয়েছে আমার জন্মদিন। এটা নতুন নয়, প্রতিবারই দুদিন আগে থেকে আমার জন্মদিন শুরু হয়ে যায়। সবার এই অকৃত্রিম ভালোবাসা আমাকে মুগ্ধ করে। ভীষণ আনন্দ অনুভব করি।’ 

ক্যারিয়ারের প্রা্প্তি নিয়ে এই অভিনেত্রীর মন্তব্য, ‘আমি অত্যন্ত খুশি। এমন সৌভাগ্য সবার হয় না। সম্মানের সঙ্গে ক্যারিয়ারের দীর্ঘ একটা সময় পার করে এসেছি। সবার অফুরন্ত ভালোবাসা নিয়ে বেঁচে আছি, ভালো আছি। এক জীবনে এটাই বড় সার্থকতা।’ 

এদিকে জন্মদিনে স্ত্রীকে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভালোবাসার পোস্ট শেয়ার করেছেন পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পূর্ণিমার একটি ছবি প্রকাশ করে রবিন লেখেন, ‌‘শুভ জন্মদিন, আমার প্রিয় বউ দিলারা হানিফ পূর্ণিমা। তোমার ভালোবাসা, যত্ন আর অফুরন্ত সমর্থন আমার জীবনকে আরও আলোকিত করে। আমরা একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। তোমার এই বিশেষ দিনটি যেন আনন্দ, হাসি আর তোমার প্রিয় সবকিছু দিয়ে ভরে ওঠে। সবসময় ভালোবাসি। শুভ জন্মদিন।’ 

রবিনের এই ভালোবাসার বার্তা প্রকাশের পর মুহূর্তেই তা ভক্তদের নজর কাড়ে। অনেকেই মন্তব্যে পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং এই দম্পতির সুন্দর সম্পর্কের প্রশংসা করেন। স্ট্যাটাসটির সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন রবিন। সেখানে একটি ছবিতে দেখা গেছে দুই স্বামী স্ত্রী আর্জেন্টিনার জার্সি পরে আছেন। তাদের মাঝখানে ব্রাজিলের জার্সি পরা কন্যা আরশিয়া উমাইজা। ছবিটি নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে।