চবি

লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইসরাত-বাবলু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 'লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়' এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ইসরাত জাহান ও সাধারণ সম্পাদক হয়েছেন বাবুল হোসেন বাবলু। সম্প্রতি ৮৫ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি ইসরাত জাহান বলেন, লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকেই লাকসাম ও মনোহরগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে। এই সংগঠন শুধু শিক্ষার্থীদের একটি মিলনমঞ্চ নয় বরং একাডেমিক সহায়তা, নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা, সাংস্কৃতিক চর্চা, সামাজিক ও মানবিক কার্যক্রম এবং নেতৃত্ব বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম।

তিনি বলেন, আমি বিশ্বাস করি সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সংগঠন আগামী দিনেও শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবলু বলেন, ভবিষ্যতে আমরা নবীন শিক্ষার্থীদের সহায়তা, একাডেমিক ও ক্যারিয়ারভিত্তিক কর্মশালা, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করছি। সকলের সহযোগিতা ও অংশগ্রহণেই আমাদের এই সংগঠন তার লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে।

২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও কল্যাণমূলক সংগঠন।