খামেনিকে নিয়ে একগুচ্ছ গান আদনান সামির

সদ্য দাফনকৃত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎসর্গ করে একগুচ্ছ গানের একটি নতুন মিউজিক্যাল প্রজেক্ট প্রকাশ করেছেন প্রখ্যাত গায়ক, সুরকার আদনান সামি। নেতৃত্ব, সহনশীলতা ও স্মরণের মতো বিষয়বস্তুকে কেন্দ্র করে সম্পূর্ণ মৌলিক সুর ও কথায় এই গানগুলো তৈরি করা হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে গায়ক আদনান সামির রিপোস্ট করা পোস্টগুলো থেকে এই মিউজিক্যাল প্রজেক্টের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রতিক্রিয়া দেখা গেছে। 

অস্ট্রেলিয়ায় অবস্থিত ইরান দূতাবাসের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, ভারতের বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদকজয়ী এই খ্যাতনামা সংগীতশিল্পী ও সুরকার প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎসর্গ করে চার গানের একটি বিশেষ মিউজিক্যাল প্রজেক্ট তৈরি করেছেন। সেই পোস্টে প্রজেক্টের একটি গান ‘ইয়া আল্লাহ’ প্রকাশ করা হয়েছে। 

এদিকে মুম্বাইয়ে অবস্থিত ইরানি কনস্যুলেটের অফিশিয়াল হ্যান্ডেলের পোস্ট অনুসারে, এই সংগীত সংকলনটি মূলত শোকানুষ্ঠানের (ফিউনারেল সেরেমনি) উদ্দেশ্যে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। প্রজেক্টটির অফিশিয়াল ভিডিও ও প্রচ্ছদে ফারসি লিপিতে এর শিরোনাম এবং নিচে লাল অক্ষরে ‘আদনান সামি খান’ নামটি ফুটিয়ে তোলা হয়েছে, যার ওপরের অংশে ইরানের সর্বোচ্চ নেতার চিত্র এবং নিচের অংশে আদনান সামির ছবি ব্যবহার করা হয়েছে। 

এই বিশেষ সংগীতধর্মী শ্রদ্ধাঞ্জলির আনুষ্ঠানিক স্বীকৃতিস্বরূপ ভারতের মুম্বাইয়ে নিযুক্ত ইরানের কনস্যুল জেনারেল এইচ ই মোতলাঘ এবং দেশটির কালচার হাউসের পরিচালক মিস্টার ফাজেল গায়ক আদনান সামির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। গত ৪ জুলাই অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে ইরানের জনগণের পক্ষ থেকে আদনান সামির এই বিশেষ কাজের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও প্রশংসা জ্ঞাপন করা হয়। শেয়ার করা ছবিগুলোতে ইরানি কূটনীতিকদের আদনান সামির হাতে বিশেষ সম্মাননা স্মারক ও বই তুলে দিতে এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রজেক্টটি নিয়ে আলোচনা করতে দেখা গেছে।