৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় চোরাচালানে ব্যবহৃত দুটি বাইসাইকেল জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সরাইল ব্যাটালিয়নের অধীন আলীনগর বিওপির সদস্যরা উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকা থেকে শুক্রবার (১০ জুলাই) রাত সোয়া ১২টা দিকে ফোন ডিসপ্লেগুলো জব্দ করে।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাগলপুর এলাকার একটি জঙ্গলে অবস্থান নেয় টহলদল। এ সময় ভারত থেকে দুটি বাইসাইকেল করে সাত ব্যক্তি চটের বস্তা নিয়ে বাংলাদেশে ঢুকার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তা ও বাইসাইকেল ফেলে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল তল্লাশি করে চটের বস্তার ভেতরে কার্টনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত দুটি পুরোনো বাইসাইকেলও জব্দ করা হয়।

জব্দ করা ডিসপ্লেগুলোর আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৭ লাখ টাকা। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।