সাঁতরে নদী পার হওয়ার সময় নিখোঁজ যুবক

মৌলভীবাজারের কমলগঞ্জে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে ধলাই নদী পার সময় পানিতে ডুবে মাসুক মিয়া নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। ​শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার হিরামতি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজ মাসুক মিয়া (৪৫) ওই এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মত শনিবার সকাল ১০টার দিকে মাসুক মিয়া ও বলাই দাস নামে দুই যুবক ধলাই নদীর ওপারে হকতিয়ারখোলা এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে সকাল ১১টার দিকে ঘাসের বস্তা মাথায় নিয়ে সাঁতরে নদী পার হয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন তারা। নদীতে অতিরিক্ত পানি ও তীব্র স্রোত থাকায় সাঁতার কাটার একপর্যায়ে স্রোতের টানে তলিয়ে যান মাসুক মিয়া। তবে তার সাথে থাকা বলাই দাস সাঁতরে নদীর পাড়ে উঠতে সক্ষম হন।

​নদীর পাড়ে থাকা অন্য লোকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু ততক্ষণে মাসুক মিয়া তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে যান।

​খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ মাসুক মিয়ার কোনো সন্ধান মেলেনি।

​কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফারুকুল ইসলাম বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য সিলেট থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে বড় পরিসরে উদ্ধারকাজ শুরু হবে।

​কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তৎপরতা চালাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছে।