পাওনা টাকা চাওয়ায় ভাড়াটে খুনি দিয়ে ভাগিনাকে হত্যার অভিযোগ

বগুড়া শহরে পাওনা টাকা ফেরত চাওয়ায় আরিফ শেখ নামে একাধিক মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শহরের লতিফপুর কলোনি এলাকায় প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এঘটনা ঘটে।

নিহত আরিফ শেখ (৩৫) ওই এলাকার আজিজ শেখের ছেলে। পুলিশের তথ্যানুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

নিহত আরিফ শেখের স্বজনদের দাবি, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই তাকে খুঁজছিলেন প্রতিপক্ষের লোকজন। পরে রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা রাত ১টার দিকে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বোন রুমির অভিযোগ, আমাদের মামা বাদলের কাছে আরিফ ১০ লাখ টাকা পেত। টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে মামা বাদল লোক ভাড়া করে সেলিম, জীবন, নাহিদসহ আরও কয়েকজনকে দিয়ে আমার ভাইকে হত্যা করিয়েছে।

এবিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।