জোয়ারের পানিতে ভেসে আসে অজ্ঞাত যুবকের মরদেহ

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে সাগরের জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রামের সাত্তার মাঝির ঘাট এলাকায় বেড়িবাঁধের ব্লকের ফাঁকে মরদেহটি আটকে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে স্থানীয়রা উপকূলে গেলে তাদের নজরে আসে ব্লকের ফাঁকে আটকে থাকা মরদেহ। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। মরদেহটির পরনে কালো রঙের ফুলহাতা টি-শার্ট ছিল।

স্থানীয় ইউপি সদস্য রফিক ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তার ধারণা, জোয়ারের পানিতে ভেসে এসে মরদেহ বেড়িবাঁধের ফাঁকের মধ্যে আটকে যায়। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখনও পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।