'মেসি একটা আস্ত মেশিন'

বয়স ৩৯, খেলছেন ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে উরুর চোট কাটিয়ে তার ফিটনেস নিয়ে হাজারো প্রশ্ন উঠেছিল। কিন্তু মাঠের ফুটবলে সব সংশয় উড়িয়ে দিয়ে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে ৮ গোল করে এখন টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা লিওনেল মেসি।

শেষ ১৬-এর ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ ১১ মিনিটে মেসির জাদুকরী এক গোল ও এক অ্যাসিস্টে ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। মহাতারকার এমন অবিশ্বাস্য ফর্মে ফুটবল বিশ্ব যখন বুঁদ, তখন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি জানালেন—মেসির এই পারফরম্যান্সে তিনি বিন্দুমাত্র অবাক হননি।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে ক্যানসাস সিটিতে সংবাদ সম্মেলনে স্কালোনি তার অধিনায়কের প্রশংসা করতে গিয়ে ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরির একটি মন্তব্য টেনে আনেন। স্কালোনি বলেন:

"লিও ম্যাচগুলোতে প্রায় সবসময় একইভাবে দৌড়ায়। সে যা করছে তা হলো অনেক বেশি সিদ্ধান্তমূলক হওয়া, দলও তাকে অনেক সাহায্য করছে। শারীরিক স্তরে, এটি সত্যি যে সে তার পার্সোনাল ট্রেনারের সাথে একটি বিশেষ প্রস্তুতি নিয়েছিল এবং তা ফল দিয়েছে। পরিসংখ্যানের দিক থেকে সে কতটা দৌড়াচ্ছে বা বদলেছে তা আমি জানি না, তবে সে তার যা কিছু আছে সব উজাড় করে দিচ্ছে।"

তিনি আরও যোগ করেন, "সেদিন অঁরি ঠিকই বলেছিল—লিও যখনই টের পায় যে সে প্রতিপক্ষের জন্য বিপদ তৈরি করতে পারে, সে আক্ষরিক অর্থেই একটি মেশিনে পরিণত হয়।"

৩৯ বছর বয়সে এসেও মেসি কীভাবে বিশ্বফুটবল শাসন করছেন, তা যারা বুঝতে পারছেন না তাদের খোঁচা দিয়ে স্কালোনি হাসতে হাসতে বলেন,

'যারা তাকে চেনে না, হয়তো তারা ভেবেছিল ৩৯ বছর বয়সে এসে সে এই স্তরের ফুটবল খেলতে পারবে না। কিন্তু আমি এর আগেও বহুবার বলেছি এবং আজও বলছি—সে যতদিন খেলতে চাইবে, সে-ই বিশ্বের সেরা ফুটবলার হয়ে থাকবে। আমি তার কোচ বলেই যে এটা বলছি, তা নয়। কোনো এক সময় হয়তো তার বয়স ৫০ বছর হবে, তখন আর সে সেরা থাকবে না (হাসি)। তবে আমরা তাকে যেভাবে প্রতিদিন অনুশীলন করতে দেখি, তাতে এটি আমাকে মোটেও অবাক করে না। আমি তো কল্পনাও করতে চাই না যে পেপ গুয়ার্দিওলার অধীনে ২৩ বছর বয়সের মেসি আসলে কেমন ছিল! নিশ্চয়ই তা ভাষায় ব্যাখ্যা করা অসম্ভব ছিল। সে যতদিন চাইবে ততদিনই সেরা থাকবে। কোনো এক মুহূর্তে এই পথচলা শেষ হবে এবং সেটিই তাকে ইতিহাসের সেরা হিসেবে রেখে যাবে।'