চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করার সময় ডিঙ্গি নৌকা উল্টে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম মোহাম্মদ সোলেমান (২০)।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় কর্ণফুলী নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজের ফুফাতো ভাই মোহাম্মদ হাবীব জানান, সকালে নিখোঁজ সোলেমান ও তার বড় ভাই আব্দুল হালিম (৩০) ভেসে আসা লাকড়ি ধরতে একটি নৌকা নিয়ে নদীতে নামেন।
এসময় লাকড়ি ধরতে গিয়ে দুই সহোদর নদীতে পড়ে যান। নদীতে থাকা স্থানীয়রা বড় ভাই আব্দুল হালিমকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারলেও সোলেমান মুহূর্তের মধ্যেই পানির প্রবল স্রোতে তলিয়ে যান।
নিখোঁজের পর রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে আসেন। এরপর আগ্রাবাদ থেকে আসে ডুবুরি দল।
নিখোঁজ সোলেমান ও উদ্ধার হওয়া আব্দুল হালিম পূর্ব সরফভাটা লোকমান মিস্ত্রীর বাড়ি এলাকার বদিউল আলমের ছেলে।
রাঙ্গুনিয়ার ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান জানান, আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়েছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। বিষয়টি আমাদের উর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। নিখোঁজ যুবককে উদ্ধারে দ্রুতই একটি বিশেষ ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ সোলেমানকে উদ্ধারে স্থানীয়দের সহায়তায় ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে বেশ বেগ পেতে হচ্ছে।