মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ককের পাশে উষা এগ্রো ফার্মে সিকিউরিটি গার্ড ও কর্মকর্তাদের হাত পা বেঁধে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০জুলাই) সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের মুসলিম নগরে মহাসড়কের কুমিল্লা মুখী লেনে অবস্থিত এই কোম্পানিতে দীর্ঘ পাঁচ ঘন্টা ব্যাপী এই ডাকাতি ঘটনা ঘটে।
জানা যায়, উষা এগ্রো ফার্মের কাছ থেকে গত ৪/৫ মাস পূর্বে জায়গা ভাড়া নিয়ে বিভিন্ন কন্সট্রাকশন মালামাল রাখতো দি জিয়া এন্ড ব্রাদার নামে একটা প্রতিষ্ঠান।
গেটে দায়িত্বে থাকা সিকিউরিটি রিপন মিয়া বলেন, রাত সাড়ে সাতটার দিকে পকেট গেট দিয়ে ৭/৮ জন লোক হঠাৎ ঢুকে পড়ে আমিসহ গেটে থাকা দুইজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে, তাদের হাতে পিস্তলসহ রামদা ছিল। পরে ১০/১২ জন প্রবেশ করে আমাদের সবার হাত বেঁধে একটা কনটেইনারের মধ্যে নিয়ে আটকে রাখে।
সাইড ইনচার্জ মো. ফরিদুর রেজা বলেন, আমি নামাজ শেষে আসার পর গেটেই ৪/৫ জন ঘিরে ফেলে ও হাত পা বেঁধে ফেলে। পরে কনটেইনারের জানালা দিয়ে দেখেছি দুই ট্রাক মালামাল নিয়ে যেতে। লুট হওয়া মালামালের মধ্যে ছিল লোহার পাইল,পাইপ, রড যার আনুমানিক বাজার মূল্য ২০/২৫ লাখ টাকা হবে।
দি জিয়া এন্ড ব্রাদার এর ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হোসেন দুলাল, আমরা দেশের বিভিন্ন স্থানে ব্রিজ ও বিল্ডিং এর পাইলিংসহ ঠিকাদারি কাজ করি থাকি, কাজ শেষে আমাদের বিভিন্ন মেশিনারিজ রক্ষনাবেক্ষনের জন্য এই জায়গাটা গত ৪/৫ আগে ভাড়া নিয়েছি। মহাসড়কে সিসিটিভি ক্যামেরা রয়েছে, পুলিশ আন্তরিক ভাবে চেষ্টা করলে বিষয়টা উদ্ধঘাটন সম্ভব বলে আমি মনে করি।
বিষয়টা নিয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. সাব্বির হোসেন বলেন, ৯৯৯ কল পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গেছে। দীর্ঘ সময় ধরে ডাকাতি হওয়ার ঘটনায় পুলিশ রাত থেকেই তদন্ত কাজ করছে। আশা করছি ডাকাত চক্রকে আটক ও প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে।