চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ঘিরে সংঘর্ষ, আহত ১০

ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা শেষে একটি পরীক্ষা কেন্দ্রকে ঘিরে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজ পরিচালনা কমিটির সভাপতিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শনিবার (১১ জুলাই) দুপুরে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে নকলের সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে একদল পরীক্ষার্থী ও বহিরাগত বিক্ষুব্ধ হয়ে কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় দায়িত্বরত শিক্ষকরা প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ ও নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে ধারণ করা ভিডিও ফুটেজে পুলিশকে গুলি ছুড়তে দেখা যায়। তবে কী ধরনের গুলি ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় পুলিশ ও উপজেলা প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।