পানি ঢুকে বেনাপোল বন্দরে আমদানিকৃত কোটি টাকার পণ্য নষ্ট

দুইদিনের টানা বৃষ্টির কারণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে পানি ঢুকে আমদানিকৃত কোটি কোটি টাকার পণ্য ভিজে নষ্ট হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 

শনিবার (১১ জুলাই) বন্দর ঘুরে দেখা গেছে, বন্দরের ৩ নম্বর গেটসংলগ্ন পাঁচটি শেডে হাঁটু পরিমান পানি জমে বিভিন্ন ধরনের আমদানিকৃত পণ্য পানিতে তলিয়ে গেছে। এতে আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এর জন্য যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগও তুলেছেন তারা।

আমদানিকারক আল মামুন বলেন, সামান্য বৃষ্টিতেই বেনাপোল বন্দর পানিতে তলিয়ে যায়। বন্দরের বিভিন্ন শেডে কোথাও হাটু পরিমাণ, কোথাও কোমর পরিমাণ পানি জমে আছে। বন্দরে পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষায় কোটি কোটি টাকার পণ্য নষ্ট হচ্ছে। বন্দরে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের বেশির ভাগ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের পণ্য। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হলেও ডেমারেজ দিচ্ছে না বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির সিনিয়ন সহ-সভাপতি আমিনুল হক জানান, সামান্য বৃষ্টিতেই বেনাপোল বন্দর পানিতে তলিয়ে যায়। বন্দরের বিভিন্ন শেডে থাকা কোটি কোটি টাকার পণ্য পানিতে নষ্ট হচ্ছে। আমরা বন্দর কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরনের দাবি জানাচ্ছি।

বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডাইরেক্টর কাজী রতন জানান,পাওয়ার পাম্পের মাধ্যমে পানি অপসারণের চেষ্টা চলছে। তবে অবিরাম বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টি থামলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।

ভবিষ্যতে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।