নান্দাইলে অস্ত্র ঠেকিয়ে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

ময়মনসিংহের নান্দাইলে এক বিএনপি নেতার বাড়িতে অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ওই নেতার নাম মাসুম খান। তিনি উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের আলীহরগাতী গ্রামের বাসিন্দা এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য।

ভুক্তভোগী জানান, গত ৯ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে তিনি স্থানীয় বাজারে চলে যাওয়ার পর একটি সংঘবদ্ধ ডাকাত দল তাকে খোঁজার ছলে বাড়িতে এসে ডাকাডাকি করে। অনেকক্ষণ ডাকাডাকি করার পর তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েটি আপনজন ভেবে দরজা খুলে দেয়। সাথে সাথে ৬–৭ জনের সংঘবদ্ধ ডাকাত দলটি ঘরের ভেতরে ঢুকে মেয়ের গলায় ছুরি ধরে এবং তার স্ত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে ঘরের সকল লাইট বন্ধ করে দেয়। এ সময় মেয়েকে হত্যার হুমকি দেওয়া হলে নিরুপায় হয়ে তাঁর স্ত্রী সুকেজ ও আলমারির চাবি দিতে বাধ্য হন।

পরের সেগুলো খুলে তন্নতন্ন করে খুঁজে ঘরে থাকা হাতের বালা, গলার চেইন, কানের দুলসহ বিভিন্ন ধরনের প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ৭ ভরি ওজনের অলংকার, নগদ ১ লক্ষ ৩ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। ডাকাত দল পালিয়ে যাওয়ার পর পাশের বাড়ির একটি মোবাইল থেকে ফোন দিয়ে ঘটনাটি তাকে জানানো হয়। খবর পেয়ে তিনি কয়েকজনকে সাথে নিয়ে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী-সন্তান ভয়ে কাঁপছেন এবং ঘরের জিনিসপত্র সব এলোমেলো হয়ে পড়ে আছে।

তিনি আরও জানান, তিনি স্থানীয় হাজী সফিরউদ্দীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং তার স্ত্রী একই এলাকার জাহাঙ্গীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তদন্তের স্বার্থে ঘটনাটি শুরুতে মিডিয়ায় প্রচারে অনাগ্রহ ছিল। এ ঘটনায় তিনি অন্তত ১৫–১৬ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। দ্রুত তদন্ত সাপেক্ষে মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন তিনি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।