আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের

‘অননুমোদিত’ নৌপথে চলাচলকারী একটি জাহাজে হামলার ঘটনার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য পথ হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ঘটনার জেরে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার ‘কঠোর জবাব’ দেওয়া হবে।

রবিবার এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানায়, একটি জাহাজ নিজস্ব শনাক্তকরণ ও ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখে চলাচল করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করছিল। পরে জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়। তবে জাহাজটির পরিচয় বা হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আইআরজিসি আরও দাবি করে, কয়েকটি জাহাজ ‘অননুমোদিত’ নৌপথ ব্যবহার করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করে এবং নির্ধারিত পথে ফিরতে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে।

বিবৃতিতে বলা হয়, ‘এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত’ এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।

একই সঙ্গে আইআরজিসি সতর্ক করে জানায়, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে এবং প্রয়োজনে শত্রুপক্ষের নতুন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।