ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। গত শুক্রবার দেশটির সরকার জানিয়েছে, ২৪ জুনের ওই ভূমিকম্পে এ পর্যন্ত ৪ হাজার ১১৮ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছে। ভেনেজুয়েলার পার্লামেন্ট প্রধান হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শতাধিক বছরের মধ্যে এটিই ছিল দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যের বহু বহুতল ভবন ধসে পড়ে এবং বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।
সরকারি উদ্ধারকারী দল জীবিতদের খোঁজে অভিযান শেষ করলেও নিখোঁজ স্বজনদের মরদেহ উদ্ধারের আশায় অনেক পরিবার এখনো ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
এদিকে শুক্রবার রাজধানী কারাকাসে রিখটার স্কেলে ৩ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ভবন খালি করে দেওয়া হয়।
দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সেবাব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় পুনরুদ্ধার কার্যক্রম বড় ধরনের চ্যালেঞ্জে পরিণত হয়েছে।