ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৫ জন ভারতীয় নিহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনস্যুলেট জরুরি নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল রুম) চালু করেছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নৌকাটিতে মোট ৩৬ জন ছিলেন। তাদের মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন নৌকার কর্মী এবং একজন সহকারী ছিলেন। ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। ভারতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হোন মায়ে রুত এনগোয়াই দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পরই বৈরী আবহাওয়া, উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যান। আশপাশে থাকা নৌকা ও স্পিডবোটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার শুরু করে। পরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড ও অন্য উদ্ধারকারী সংস্থাও উদ্ধার অভিযানে যোগ দেয়।