কানাডায় বন্দুক হামলা, নিহত ২

কানাডার টরন্টো শহরে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন পাঁচজন।  শনিবার এই হামলা চালানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) রাতে টরন্টোর দোকানপাট ও রেস্তোরাঁঘেরা একটি এলাকায় এ হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ঘটনাস্থলের কাছেই একটি সালসা উৎসব চলছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টরন্টো পুলিশ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার এবং পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়।

পরে আরেকটি পোস্টে পুলিশ জানায়, ঘটনাস্থল তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে গত মাসের শেষ দিকে কানাডার মন্ট্রিয়লে আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়।