পটিয়ায় ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

চট্টগ্রামের পটিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩৮ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ।

টানা কয়েকদিনের অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলের পানি না কমায় ৫ হাজারের অধিক পরিবার এখনো পানিবন্দি। যেসব এলাকায় এরই মধ্যে পানি নেমে গেছে। ওই সব এলাকায় পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।

পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের জরুরি উদ্যোগে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে রবিবার (১২ জুলাই) সকালে পটিয়া উপজেলা পরিষদ হলরুমে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, সিআইপি আবুল বশর,আবদুল মাবুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবলু, যুবদল নেতা আব্দুল সবুর, ছাত্রদল নেতা রেজাউল করিম মিজান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক আলমগীর আলম, সদস্য সচিব বুলবুল আহমেদ নান্নু প্রমুখ।

সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, বিএনপি সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন, যাতে বন্যাদুর্গত মানুষের পাশে থাকি। সংসদ অধিবেশন শেষ করেই এলাকায় এসে দুর্গতদের খোঁজখবর নিয়ে তাৎক্ষণিক ত্রাণ সহায়তা প্রদান করেছি। যেখানেই মানুষের সমস্যা, সেখানেই বিএনপি সরকার সমাধানে কাজ করছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবাই পুনর্বাসনের আওতায় আসবেন। এ ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানাই।

অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র ৩৮ পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন এবং ৩ হাজার টাকার একটি করে চেক বিতরণ করা হয়।