কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

কক্সবাজার শহরের পাহাড়ধসে রোজিনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার বয়স ৩০ বছর। শহরের পূর্ব কলাতলী ঝরঝরি পাড়ায় শনিবার (১১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে মুজিবুর রহমানের বাড়িতে অতিথি এসেছিলেন। তাদের জন্য রান্না করার সময় হঠাৎ রান্নাঘরের ওপর পাহাড় ধসে পড়লে রোজিনা আক্তার মাটিচাপা পড়েন। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধারকারীরা রোজিনা আক্তারকে মাটির নিচ থেকে বের করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ আলম বলেন, দীর্ঘ সময় মাটির নিচে চাপা পড়ে থাকায় শ্বাসরোধে রোজিনা আক্তারের মৃত্যু হয়েছে।