বানের পানির স্রোতে ভেসে গেল শিশু

কক্সবাজারের চকরিয়ায় বানের পানির স্রোতে সজীব জলদাস নামে ১২ বছরের এক শিশু ভেসে গেছে। কৈয়ারবিল ইউনিয়নের খোঁজাখালী জলদাসপাড়ায় শনিবার (১১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চকরিয়ার জলদাসপাড়ার ভেতর দিয়ে যাওয়া একটি গ্রামীণ সড়কের একপাশে মাছের ঘের অন্যপাশে বসতি রয়েছে। বন্যার পানি ওই সড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে মাছের ঘের হয়ে মাতামুহুরী নদীর দিকে প্রবাহিত হচ্ছিল। শনিবার সুজিতসহ কয়েকজন ওই সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ পানির তীব্র স্রোতে পড়ে যায়। এসময় সুজিত ভেসে গিয়ে পাশের মাছের ঘেরে পড়ে নিখোঁজ হয়।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও পানির স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। ডুবুরি দলের সহায়তার জন্য চট্টগ্রামে যোগাযোগ করা হয়েছে।