টিকটক মাতাচ্ছে ‘বাংলাদেশ’, গাইছেন বিভিন্ন দেশের শিল্পীরা

সামাজিক যোগাযোগের আরেক জনপ্রিয় মাধ্যম টিকটক এবার ভাসছে বাংলাদেশ উন্মাদনায়। বারবার ভেসে আসছে  অদ্ভুত সুন্দর সুরের এক গান ‘ইউ নেভার টুক মি টু বাংলাদেশ’। যার অর্থ ‘তুমি আমাকে কখনো বাংলাদেশে নিয়ে যাওনি’। মাত্র ৪৯ সেকেন্ডের এই গানটি অদ্ভুত লিরিকস, মজার সুর এবং অসংখ্য রিমিকস ভিডিওর কারণে বিশ্বজুড়ে ভাইরাল হয়ে উঠেছে। 

 ‘বাংলাদেশ’ শিরোনামের গানটি তৈরি করেছেন মার্কিন সংগীতশিল্পী ইয়ান ম্যাককনেল। গানের মূল লাইন‘ইউ নেভার টুক মি টু বাংলাদেশ’। এর সঙ্গে আরও রয়েছে হাস্যরসাত্মক ও খাপছাড়া কিছু অভিযোগ। যেমন কখনো আগুনে সসেজ রান্না না করা, শরীরে তেল মাখিয়ে না দেওয়া, এমনকি শত্রুর পানীয়তে বিষ না মেশানোর মতো আজব সব কথা। এই অস্বাভাবিক লিরিকসই গানটিকে আলাদা মাত্রা দিয়েছে। 

তবে গানটির প্রকৃত জনপ্রিয়তা আসে টিকটক প্রডিউসার Prodpod-এর তৈরি রিমিকস সংস্করণের মাধ্যমে। সেই ভিডিও রাতারাতি লাখো মানুষের কাছে পৌঁছে যায়। এরপর অসংখ্য কনটেন্ট ক্রিয়েটর এই রিমিকস ব্যবহার করে ভিডিও বানাতে শুরু করেন। বর্তমানে গানটি টিকটকে কোটি কোটি ভিউ অর্জন করেছে। 

শুধু সাধারণ ব্যবহারকারী নন, গানটির ভক্ত হয়েছেন বিশ্বখ্যাত তারকারাও। সুইডিশ পপ তারকা জারা লারসন এই গানের সঙ্গে নেচে ভিডিও শেয়ার করেছেন, যা মিলিয়ন ভিউ পেয়েছে। জনপ্রিয় গায়িকা লিজো নিজেও গানটি গেয়ে ভিডিও প্রকাশ করে জানান, গানটি তার মাথা থেকে বের হচ্ছে না।