চলে গেলেন ‘দক্ষিণের কোকিল’ এস জানকী

ভারতীয় উপমহাদেশের সংগীতাকাশের ধ্রুবতারা এস জানকী চলে গেলেন না ফেরার দেশে। চিরতরে থমকে গেল ২০টি ভাষার সুরের জাদু। শনিবার ( ১১ জুলাই) ভারতের মহীশূরে ৮৮ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মিষ্টি ও মেলোডিয়াস কণ্ঠের জন্য পুরো ভারতে তিনি ‘দক্ষিণের কোকিল’ নামে পরিচিত ছিলেন। 

গায়িকার নাতনি অপ্সরা বৈদ্যুলা ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জীবনের শেষ মুহূর্তগুলোয় পরিবারের সবাই তার পাশেই ছিলেন এবং অত্যন্ত শান্তিতে বিদায় নিয়েছেন এই সুরসম্রাজ্ঞী। ১৯৩৮ সালের ২৩ এপ্রিল অন্ধ্রপ্রদেশের এক সাধারণ পরিবারে জন্ম নেন এস জানকী। প্রাতিষ্ঠানিক বা বড় কোনো ওস্তাদের কাছে গানের তালিম না নিলেও ছোটবেলা থেকেই তার গলায় ছিল স্রষ্টার দেওয়া এক জাদুকরি সুর। মাত্র ৯ বছর বয়সে প্রথমবার স্টেজে গান গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। 

বিশ বছর বয়সে কাকার পরামর্শে চেন্নাইয়ের বিখ্যাত এভিএম স্টুডিওতে অডিশন দিতে যান জানকী। ব্যস, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৫৭ সালে তামিল সিনেমা দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু করে টানা ছয় দশক ভারতীয় সংগীত জগতে রাজত্ব করেছেন তিনি। 

এস জানকীর গায়কীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার ভাষার ওপর দখল। শুধু দক্ষিণ ভারতের তামিল, তেলুগু, কন্নড় বা মালয়লাম গানই নয়, তিনি সমান জনপ্রিয় ছিলেন হিন্দি গানেও। আর আমাদের বাংলা ভাষার প্রতিও ছিল তার দারুণ টান; চমৎকার উচ্চারণে বেশ কিছু বাংলা গানও গেয়েছেন তিনি। 

ভারত ছাড়িয়ে ইংরেজি, জাপানি, জার্মান ও সিংহলি ভাষাতেও গান রেকর্ড করার এক অনন্য কীর্তি রয়েছে তার ঝুলিতে। দীর্ঘ ক্যারিয়ারে ঝুলিতে পুরেছেন ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিভিন্ন রাজ্যের ৩৩টি রাষ্ট্রীয় পুরস্কার।