পাওনা টাকা ফেরত চাওয়ায় নারীকে কুপিয়ে জখম

মাদারীপুর সদরের পাওনা টাকা ফেরত চাওয়ায় রাবেয়া বেগম নামে এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী ফরহাদ হাওলাদার বিরুদ্ধে। উপজেলার ঝাউদি ইউনিয়নের তালতলা এলাকায় শনিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত রাবেয়া বেগমের বয়স ৪৫ বছর। তিনি মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভুক্তভোগীর অভিযোগে, প্রায় তিন বছর আগে একই এলাকার ফরহাদ হাওলাদারকে  ৫০ হাজার টাকা ধার দেন রাবেয়া বেগম। দীর্ঘদিন টাকা ফেরত না দেওয়ায় ১০ জুলাই তিনি পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে রাবেয়া বেগম বাড়িতে একা থাকা অবস্থায় শাহীন হাওলাদার, ফরহাদ হাওলাদার, রিফাত হাওলাদার, আলী হাওলাদারসহ অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।