পটুয়াখালীর মহিপুরে মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ জুলাই) সকালে লতাচাপলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিলি আক্তার মায়া একই এলাকার নাঈম (২৫) এর স্ত্রী। তিনি চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়। আজ রবিবার সকালে নিজ ঘরে মিলিকে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে তার স্বামী নাঈম চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়।
স্থানীয়দের ভাষ্য, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায় দুই বছর আগে তারা বিয়ে করেন। তবে বিয়েটি মেয়ের পরিবার মেনে নেয়নি বলে জানা গেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া যায়। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।